নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কৃতি সন্তান দৈনিক দেশবার্তার সম্পাদক ও প্রকাশক কাজী তোফায়েল আহমেদ গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। ক্লাব সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সহ-সভাপতি মুরাদ আহমেদ, নির্বাহী সদস্য অলিউর রহমান অলি, সাংবাদিক তালেব আলী, হাবিবুর রহমান শামীম, ইকবাল তালুকদার, হাসান আহমেদ, সাগর মিয়া, শাহরিয়ার আহমদ শাওন প্রমূখ। সভায় বিশিষ্ট সাংবাদিক নবীগঞ্জ দিনারপুর পরগনার কৃতি সন্তান কাজী তোফায়েল আহমেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাসদ মনোনিত এবং যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেন। নির্বাচনে তিনি সকলের সার্বিক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, তার দল দুখী ও নির্যাতিত, নিপিড়িত মানুষের পক্ষে কথা বলে। তাদের অধিকার আদায়ে যুক্তফ্রন্ট তাকে ওই আসন থেকে নির্বাচন করার জন্য মনোনিত করেছেন। তিনি মানুষের কল্যাণে কাজ করার জন্য সকলের সার্বিক সহযোগিতার অনুরোধ করেন।