স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করা হলে তার মনোনয়ন বাতিল হতো। এতে তিনি নির্বাচন করতে পারতেন না। তাহলে তিনি এমপি হতে পারতেন না। প্রধানমন্ত্রীও হতে পারতেন না। তার দলইতো ক্ষমতায় আসতে পারে না।
সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা সম্পদের হিসাব দিতে বাধ্য থাকলেও রাজনৈতিক নেতারা প্রায়ই আংশিক হিসাব জমা দেন। বাকি অংশ গোপন রাখেন। এ ধরনের তথ্য গোপন করার প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে গণশুনানীতে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম। এতে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা প্রশাসনসহ বিভিন্ন দফরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সামনে নির্বাচন। নির্বাচনে যারা সংসদে যাবেন, আমরা যাদেরকে নির্বাচিত করব, তাদেরকে দেখে শুনে করব। আমরা খারাপ লোক নির্বাচিত করলে, খারাপই প্রত্যাশা আমাদের। তাই আমরা ভালো লোক নির্বাচিত করব। তাহলে ভালো ভালো প্রশাসক আসবে, আর না হলে খারাপ লোক ঘুষখোর নিয়ে আসবেন।
দুদক চেয়ারম্যান বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থীদের সম্পদ বিবরণী যাচাইয়ে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা খারাপ লোককে নির্বাচিত করি। চাঁদাবাজকে ভোট দিই। এর ফল পুরো জাতিকে ভোগ করতে হয়।
দুদুক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন বড় কোনো অফিস না এটা ছোট অফিস। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে আমরা যদি সময়মতো জিনিসগুলো পেয়ে যাই, যদি তদন্ত করার সময় পাই, সে ক্ষেত্রে আমরা জানিয়ে দিতে পারব যে এটা সঠিক না।
এ ছাড়া তিনি বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা অত্যন্ত কঠিন কাজ উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, এ বিষয়ে দুদক, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। তবু পাচার হওয়া টাকা উদ্ধারের অগ্রগতি এখনও সন্তোষজনক নয়। চেষ্টা অব্যাহত আছে, তবে দেশের টাকা বাইরে নিতে যাদের সহযোগিতা লাগে, আগে তাদের চিহ্নিত করতে হবে।
গণশুনানি চলাকালে সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামের বিরুদ্ধে ৪ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ তোলেন হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান এলাকার ট্রাক চালক নোমান মিয়া। তাৎক্ষণিক অভিযোগের সত্যতা পেলে আশরাফুল ইসলামকে দ্রুত সময়ের মধ্যে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। এ ছাড়া সরকারি চাল আত্মসাতের অভিযোগে নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাবেক খাদ্য কমৃকর্তা গৌরপদ রায় ও বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নানু মিয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় দুদুক।
দুদকে অভিযোগগুলোর মধ্যে বেশীরভাগই রেলওয়ে, হাসপাতাল, নির্বাচন, রেজিস্ট্রি, বিআরটিএ, পাসপোর্ট, শিক্ষা অফিস, গণপূর্ত অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে।
জেলায় দুদকের স্থাপন করা ১০টি বুথে প্রায় ২’শ অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৮১টি অভিযোগের শুনানি করা হয়। তন্মধ্যে ৬০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে, ৩টি তদন্ত ও বাকী গুলো প্রতিবেদন পাওয়া সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।