স্টাফ রিপোর্টার ॥ কদিন আগেও ১০০০ টাকা হাতে নিয়ে বাজারে গেলে ভরে যেত ব্যাগ। এখন সেই একই টাকায় বাজার ঘুরে ফিরতে হচ্ছে অনেককে খালি হাতে। শনিবার (৬ সেপ্টেম্বর) হবিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপণ্যের লাগামহীন দাম নিয়ে দিশেহারা ক্রেতারা। মুখে দীর্ঘশ্বাস ফেলে এক ক্রেতার আক্ষেপ “এই বাজারে কী আর চলে? একবেলার বাজারই এখন বাজেটের ছেঁড়া জুতো।” সবজির দামে আগুন : হবিগঞ্জের চৌধুরী বাজার, বগলা বাজার, কোর্ট স্টেশনের চাষী বাজার, শায়েস্তানগর বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, সাধারণ সবজির দামই এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। ক্রেতাদের পছন্দের বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, ঝিঙ্গা ৮০-১০০ টাকা কেজি দরে।
শায়েস্তানগর বাজারে একটি লাউ কিনতে গুনতে হচ্ছে ৮০ টাকা। বরবটি ১০০, ভারতীয় টমেটো ১৫০, সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কাঁচা মরিচের বেশিরভাগ বাজারেই এর দাম ১২০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও বাজারে তার প্রভাব নেই। দেশি পেঁয়াজ এখনও কেজিপ্রতি ৭৫ টাকা। মাছের বাজারে হতাশা : মাছ কিনতে ঘাম ঝরছে ক্রেতাদের। চাষের কিছু মাছ তুলনামূলক সস্তা হলেও দেশি মাছের দাম আকাশচুম্বী। চাষের চিংড়ি কেজিপ্রতি ১০০০ থেকে ১২০০ টাকার ওপরে। দেশি বোয়াল, কাজলীর দামও হাজার টাকার ঘরে। টেংড়া বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকায়, কই ও পাবদা ৩০০-৪০০ টাকায়। ইলিশেও নেই স্বস্তি। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ তেকে ২,৫০০ টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম কমছে না। এর প্রভাব পড়ছে অন্য মাছের দামে। মুরগি ও ডিমের অস্থিরতা : ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকায়, কক মুরগি ৩১০ টাকা এবং লেয়ার মুরগির দাম ৩৫০ টাকা কেজি, দেশি মুরগি ৬শ টাকা। ডিমের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।
ক্রেতাদের আক্ষেপ : ক্রেতারা বলছেন, আগে বাজারে এসে ১০০০ টাকায় যা কিনতে পারতেন, এখন একই জিনিস কিনতে খরচ হচ্ছে প্রায় দ্বিগুণ। একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরবরাহ স্বাভাবিক থাকলেও পাইকারি দামের ওপর নিয়ন্ত্রণ না থাকায় খুচরা বাজারে আগুন লেগেছে।”
এ ছাড়া এক শ্রেণির বিক্রেতারা ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
অন্যদিকে বিক্রেতারা দাবি করছেন, পাইকারি বাজারে দাম না কমায় তার প্রভাব পড়ছে খুচরা বাজারে। সরকারের প থেকে বাজার মনিটরিংয়ের কথা বলা হলেও বাস্তবে তা তেমন কার্যকর হচ্ছে না বলেই মনে করছেন সাধারণ ক্রেতারা।