স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘরের দেয়ানত সাহার বাড়ি এলাকায় নিজের ঘরের সামনে ছুরিকাঘাতে জনি দাশ (১৭) নামে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন তাঁর বড় ভাই জীবন দাশ (২২)। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে কে বা কারা জড়িত, সে বিষয়ে নিহত শিক্ষার্থীর পরিবার ও পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা যোগাড়ের জন্য চুরি করতে এসে কিশোর গ্যাংয়ের সদস্য কেউ এমন ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে জেলা জুড়ে তোলপাড় চলছে। গতকাল বিকালে তার মরদেহ স্থানীয় শ্মশানে দাহ করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার এএমএন
সাজেদুর রহমান, ওসি (তদন্ত) সজল সরকার, স্পেশাল পিপি কামাল উদ্দিন সেলিমসহ আরও অনেকে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ^াস প্রদান করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। পুলিশ ও নিহত শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, শহরের ডাকঘর এলাকার লন্ডন প্রবাসী নুর মিয়ার মহব্বত মঞ্জিলের বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন কাঁচামাল ব্যবসায়ী নির্ধন দাশ। গতকাল ভোর ৪টার দিকে ঘরের পাশে শব্দ শুনে তাঁর ছোট ছেলে জনি বাহিরে বের হয়। কিছুক্ষণ পর বাগ্বিতণ্ডার আওয়াজ পেয়ে বড় ছেলে জীবন ঘর থেকে বেরিয়ে দেখেন জনির সঙ্গে অপরিচিত এক তরুণের ধস্তাধস্তি চলছে। এ সময় দুই ভাই বাঁধা দিতে চাইলে তাঁদের ছুরিকাঘাত করে। এ সময় ওই যুবককে পরিবারের লোকজন আটক করে উত্তম মধ্যম দেয়। এক পর্যায়ে জনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে রক্ষায় পরিবারের লোকজন চেষ্টা করলে দুর্বৃত্ত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জনিকে হবিগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত জীবন দাশ একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনি দাশ হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তার ভাই জীবন দাশ হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত জীবন দাশ বলেন, রাতে ঘরের বাহিরে শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখেন, তাঁদের বাসার সামনে অপরিচিত এক তরুণের সঙ্গে তাঁর ভাইয়ের ধস্তাধস্তি চলছে। তিনি এগিয়ে গেলে ওই তরুণ তাঁকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান।
হবিগঞ্জ সদর থানার এসআই আওলাদ হোসেন ও বিশ^জিৎ লাশের সুরতহাল করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে। ঘটনার পর সন্ধ্যায় ওই এলাকায় গিয়ে দেখা যায় আতংক বিরাজ করছে। কেউ ঘর বের হচ্ছেন না। হবিগঞ্জ সদর মডেল থানার সদর থানার (ওসি) সজল সরকার বলেন, ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও টর্চ লাইটসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ। জনির দেহে অসংখ্য চুরির আঘাত রয়েছে। তবে অন্ডকোষে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। অপরাধীকে এখনো চিহ্নিত করা যায়নি। তবে চিহ্নিত করার জন্য এবং সিসি ফুটেজ সনাক্ত করে অপরাধীকে ধরতে সেনাবাহিনী, ডিবি, র্যাব-পিবিআইসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখাকালে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি এবং কেউ আটকেরও খবর পাওয়া যায়নি।