চুনারুঘাট প্রতিনিধি ॥ পিচঢালাই উঠে গেছে। ইট-পাথরের খোয়াও দেখা যায় না। ধূলায় আচ্ছন্ন পুরো সড়ক। সব মিলিয়ে চলাচলের অযোগ্য হয়ে গেছে। শ্রীকুটা-মুড়ারবন্দ হযরত সৈয়দ সিপাহসালার নাসির উদ্দিন (রঃ)সহ ১২০ আউলিয়ার আঞ্চলিক সড়কের এই অবস্থা। দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার কাজ না হওয়াতে হাজার হাজার মানুষ ও যান চলাচল হুমকির মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের অধিকাংশ জায়গায় পিচঢালাই নেই। বড় বড় গর্ত আর খানাখন্দ তৈরি হওয়ায় সড়কটি এখন যেন একটি কাঁচা মাটির রাস্তায় পরিণত হয়েছে। এ সড়কের বিভিন্ন স্থানে গর্তে যানবাহন আটকে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। আবদুর রশিদ নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক বলেন, দ্বিগুণ অথবা তিন গুণ টাকা না পেলে তাঁরা এ সড়কে যাত্রী আনা-নেওয়া করেন না। কারণ এ সড়ক দিয়ে যাতায়াত করতে হলে অটোরিকশার ক্ষতি হয়। ধূলা-বালির কারণে পায়ে হেটে চলাও অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাক, বাস ও অটোরিকশা। ধূলার কারণে এসব যানবাহনের যাত্রীদের নাক-মুখ কাপড় দিয়ে ঢেকে চলতে হয়। সড়কের আশপাশের গাছগুলো ধূলায় বিবর্ণ হয়ে গেছে। মাত্রাতিরিক্ত ধূলার কারণে সড়কের আশপাশের বাসাবাড়ির দরজা-জানালাও বন্ধ রাখতে হচ্ছে। কয়েকজন এলাকাবাসীর সাথে আলাপ হলে তারা বলেন, সড়কটি দিয়ে মুড়ারবন্দ মাজার শরীফে যেতে হয়। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত বালু বোঝাই ট্রাক-ট্রাক্টর চলাচল করে। সাত বছর ধরে সড়কটির এ অবস্থা। শীতে ধূলা আর বর্ষায় জল-কাদায় একাকার। ভোগান্তির কারণে সড়কের আশপাশের ১৫/২০টি ছোট-বড় দোকান গুটিয়ে নেওয়া হয়েছে। প্রতিবছর সংস্কার করার নামে ইট আর বালু ফেলা হয়। এতে দুর্ভোগ আরও বাড়ে।
হবিগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামিম আল মামুন বলেন, অচিরেই এ সড়কের কাজ শুরু হবে।