শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্যস্ততম দাউদনগর ও ড্রাইভার বাজার এলাকায় ফের বেড়েছে যানজট ও জনভোগান্তি। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কের ওপর আড়াআড়িভাবে টমটম ও মোটরসাইকেল পার্কিং এবং ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়ার অভিযোগে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, বাজারের অনেক দোকানের সামনের ফুটপাত ভাসমান ও অস্থায়ী ব্যবসায়ীরা দখল করে ব্যবসা করছেন। অভিযোগ রয়েছে, এসব ব্যবসায়ীর কাছ থেকে প্রতিদিন কিংবা মাসিক ভিত্তিতে টাকা নিয়ে ফুটপাত ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দোকান মালিক ও ভাড়াটিয়াদের বক্তব্য তাৎক্ষিণকভাবে পাওয়া যায়নি।
ফুটপাত দখলের কারণে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি বাজারের বিভিন্ন স্থানে টমটম ও মোটরসাইকেল আড়াআড়িভাবে পার্কিং করে রাখায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে। ফলে ব্যস্ত সময়ে যানজট তীব্র আকার ধারণ করছে এবং দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, এর আগে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে দাউদনগর, ড্রাইভার বাজার, পুরান বাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাত অনেকটা দখলমুক্ত হয়েছিল। এতে যানজটও কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আবারও ফুটপাত দখল শুরু হওয়ায় আগের পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা করছেন তারা।
সচেতন মহলের দাবি, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, অভিযান শেষে নিয়মিত নজরদারি ও তদারকি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফুটপাত বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগ এবং অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
স্থানীয়দের আরও দাবি, বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু, সড়কের ওপর টমটম-মোটরসাইকেল পার্কিং বন্ধ এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে দাউদনগর বাজারের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।