স্টাফ রিপোর্টার ॥ সামান্য বৃষ্টি হলেই হবিগঞ্জ সদর মডেল থানার নতুন ভবনের ছাদ চুইয়ে পানি পড়ছে। এতে থানায় আসা দর্শনার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের চলাচল ও দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। বৃষ্টির সময় থানার ভেতরের সিঁড়ি ও সিঁড়ির নিচে পানি জমে যায়। ফলে থানায় আসা লোকজনকে পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে। জানা যায়, প্রায় এক বছর আগে পুরাতন ভবন থেকে নতুন ভবনে সদর মডেল থানার কার্যক্রম স্থানান্তর করা হয়। কিন্তু এক বছর যেতে না যেতেই ভবনের ছাদ ও দেয়ালের ডিস্টেম্পার নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে পানি চুইয়ে পড়ার বিষয়টি দেখা দিয়েছে।
বৃষ্টির সময় ছাদ থেকে পানি পড়ে সিঁড়ি ও সিঁড়ির নিচের অংশ ভিজে পিচ্ছিল হয়ে যায়। এতে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পিচ্ছিল সিঁড়িতে পা পিছলে অনেকে আহতও হচ্ছেন বলে জানা গেছে।
নতুন ভবনে এত দ্রুত ছাদ চুইয়ে পানি পড়ার ঘটনায় ভবনের নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের দ্রুত বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি ছাদ ও দেয়ালের ত্রুটি সংস্কার করে থানার পরিবেশ নিরাপদ ও স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।