মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সোনাই নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া আব্দুল মন্নান মনু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আব্দুল মন্নান মনু মিয়ার লাশ শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে সোনাই নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নদীতে নামেন আব্দুল মন্নান। এ সময় নদীর তীব্র স্রোতে তিনি পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন।
নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সোনাই নদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় তার সন্ধানে ব্যাপক খোঁজাখুঁজি করেন। তবে দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের পাঁচ দিন পর গত মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।