স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে লাইসেন্সবিহীন টমটম, মিশুক ও রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পৌরসভা। চুনারুঘাট পৌর প্রশাসক মোহাম্মদ গালিব চৌধুরীর নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পৌর শহরের বিভিন্ন স্থানে স্ট্যান্ডের বাইরে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনের চালকদের মৌখিকভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে পৌরসভার লাইসেন্সবিহীন বেশ কয়েকটি টমটম, মিশুক ও রিকশা জব্দ করা হয়। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, যানজট নিরসন ও পৌর শহরে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সবিহীন টমটম, মিশুক ও রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তাই সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের দ্রুত পৌরসভা থেকে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।