স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগা থেকে র্যালীটি শুরু করে শহর প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ গ্রহন করেন।
এর আগে কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
সমাবেশ হুইপ জি কে গউছ বলেন- বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি। বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো না, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না।
তিনি বলেন- কেউ কেউ বলে বিএনপি আন্দোলনকে ভয় পায়। কিন্তু তারা জানে না, বিএনপি আন্দোলনের মাধ্যমেই জনগণের হৃদয় জয় করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৭টি বছর মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য বিএনপি আন্দোলন করেছে। বাংলাদেশের গণতন্ত্র যদি কারো জন্য আবারও হুমকির মুখে পড়ে তাহলে তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় তা বিএনপি জানে। বিএনপি আন্দোলনে সফল, বিএনপি উন্নয়নে সফল, বিএনপি রাষ্ট্র পরিচালনায় সফল। গত ১৭ বছরে বিদ্যুৎ সেক্টর ধ্বংস করে দিয়েছে ফ্যাসিষ্ট শেখ হাসিনা। আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ৬ মাসে তা রিপেয়ার করার চেষ্টা করছেন। অল্প দিনের মধ্যেই বিদ্যুতের সমস্যা সমাধান হবে, গ্যাসের সমস্যার সমাধান হবে, জ্বালানির সমস্যা সমাধান হবে। চলতি অর্থ বছরে সকল খাদ্যদ্রব্যের ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। কোনো মজুদদারকে দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ দেননি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামীলীগ গত ১৭ বছর জনগণকে ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা উন্নয়নের নামে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে। বিএনপি উন্নয়ন শুরু করেছে। আওয়ামীলীগম ১৭ বছরে যা করতে পারেনি, বিএনপি চলতি অর্থ বছরেই সেই উন্নয়ন করবে, ইনশাআল্লাহ।
হুইপ জি কে গউছ বলেন- জনগণের যে কোনো বিপদে দুর্যোগে বিএনপি জনগণের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে, ইনশাআল্লাহ। আমরা কেউ দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দিব না, এটাই হউক প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার।
সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম ইসলাম তরফদার তনু’র সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুর”ল ইসলাম ও হাজী এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, উলামা দল ও মৎসজীবিদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।