মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজারের আলোচিত ‘তাজ মহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মাধবপুর বাজারের ওই আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা আলোচনা থাকলেও বুধবার পুলিশের অভিযানের পর বিষয়টি নতুন করে সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, তাজ মহল আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার নির্দেশে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে আঃ রশিদ (৩১), মো. রুবেল (২৫), সজিব মিয়া (২০), মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), নুরুন্নাহার (৪০), সুমাইয়া (২০), হোটেল ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) এবং সুরঞ্জিত পাল সোহেলকে আটক করা হয়।
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাজ মহল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’