স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জেরিন আক্তার লিজা (২৬) নিহতের ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকা অভিযুক্ত পিকআপ চালককে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামি ইরফান মিয়া (২০) চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি এ মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি।
র্যাব জানায়, গত ২৩ এপ্রিল বিকালে বাহুবল উপজেলার বড়গাঁও শাহী জামে মসজিদের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে একটি বেপরোয়া গতির পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা জেরিন আক্তার লিজা ও তার মেয়ে জান্নাতুল আরফা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশুকন্যাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ২৪ এপ্রিল বাহুবল মডেল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৯টা ১০ মিনিটে র্যাব-৯-এর সিপিসি-২, মৌলভীবাজার এবং র্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জের যৌথ দল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় অভিযান চালিয়ে ইরফান মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।