নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও বাটা দোকানের সত্ত্বাধিকারী এনাম আহমদ চৌধুরী (৬২) গত রবিবার রাতে ব্যাটারী চালিত টমটমের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। ঘটনার খবর পেয়ে ব্যবসায়ী, সুশীল সমাজসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবার সকালে হাসপাতালের সামনে ১ম এবং বেলা ২ টায় নিজ গ্রাম আলীপুর এলাকায় ২য় জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে। স্থানীয় সুত্রে জানাযায়, এনাম চৌধুরী দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরে সুনামের সহিত বাটা দোকানের ব্যবসা করে আসছেন। শহরের হাসপাতাল রোডস্থ নিজস্ব বাসায় বসবাস করেন। গত রবিবার রাতে বাসা সংলগ্ন নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে হাটা চলা করার সময় হঠাৎ একটি ব্যাটারী চালিত টমটম ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন হাসপাতাল নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করেন। এ সময় নবীগঞ্জ হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারনে তাকে পাঠাতে বিলম্ব হয়। এক পর্যায়ে সিলেট ওসমানী হাসপাতালে যাবার পথেই রাত ১১ টার দিকে তার মৃত্যু ঘটে। এদিকে নবীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।