স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বনগাঁও এলাকায় অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্প। এখানে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন ভূমিহীন ও অসহায় ১৬০টি পরিবার। কিন্তু সেই নিরাপদ আশ্রয়ই এখন পরিণত হয়েছে আতঙ্কের ঠিকানায়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনের আশঙ্কায় প্রতিদিন উৎকণ্ঠায় দিন কাটছে প্রকল্পের বাসিন্দাদের। জানা গেছে, বনগাঁও আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পরিবেশ বিধ্বংসী ড্রেজারের মাধ্যমে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইজারাদার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। পাশাপাশি হুমকির মুখে রয়েছে আশপাশের কৃষিজমি, নদীতীর ও পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘ দুই মাস ধরে এ কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খোয়াই নদীর বনগাঁও আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় অন্তত ২০-২৫টিরও বেশি ড্রেজার দিয়ে দিন-রাত বালু উত্তোলন চলছে। রাজার বাজার বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠানের সম্মতিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত দুই মাস ধরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নদীর তলদেশ থেকে অবাধে বালু তোলায় নদীতীর দুর্বল হয়ে পড়েছে। এতে এই বর্ষায় বড় ধরণের ভাঙনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এদিকে বালুমহালের সীমানা নির্ধারণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপনের কথা থাকলেও ঘটনাস্থলে এমন কোনো সাইনবোর্ড লক্ষ্য করা যায়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বাংলা ১৪৩৩ সনের জন্য প্রায় ২৭ কোটি টাকায় রাজার বাজার বালুমহালের ইজারা পায় রাহী ট্রেডার্স, যেটি পরিচালনা করছেন ইজারাদারের এক প্রভাবশালী ব্যাক্তি। ঐ ব্যাক্তি ইজারার শর্ত ভঙ্গ করে আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন, এমন অভিযোগ উঠলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক পদক্ষেপ না থাকায় জণমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দাবি, অনতিবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারকে যেন রক্ষা করে সরকার।
আইন অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প, সেতু, কালভার্ট, বাঁধ, সড়কসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা এবং আবাসিক এলাকার কমপক্ষে ১কিলোমিটার দূরত্বের মধ্যে বালু উত্তোলন কঠোরভাবে নিষিদ্ধ। তবে স্থানীয়দের অভিযোগ, সেই বিধান অমান্য করেই প্রকল্পের একেবারে পাশ থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে।
আশ্রয়ণ প্রকল্পের সরদার আ. জলিল অভিযোগ করে বলেন, শুধু নদী থেকেই নয়, প্রকল্পসংলগ্ন ১৩টি পরিবারের মালিকানাধীন জমিও জোরপূর্বক দখল করে সেখানে বিশাল বালুর ডিপো গড়ে তোলা হয়েছে। একাধিকবার প্রতিবাদ করেও আমরা কোনো প্রতিকার পাইনি।
এদিকে বাবরু মিয়া ও আল আমিন দাবি করেন, এসি ল্যান্ড জায়গা নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত জায়গায়ই তারা বালু উত্তোলন করছেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জল সুহেল বলেন, পরিবেশ বিধ্বংসী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে রয়েছে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে আশ্রয়নের ওই ১৬০টি পরিবার মাথাগোঁজার ঠাই হারাবে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী দায়সারা উত্তর দেন। তিনি বলেন, এই বালুর বিষয়টি এসিল্যাড দেখবে। সব দায়-দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, শিগগীরই ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অনিয়মের প্রমাণ মিললে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, আমি কিছুদিন আগে বনগাঁও এলাকা পরিদর্শন করেছিলাম, তখন সব ঠিকটাক ছিল। বর্তমানে যদি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে বালু উত্তোলন করেন ইজারাদার, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।