স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতায় দক্ষিণ শায়েস্তানগরের বাসিন্দারা ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে মাতৃমঙ্গল এলাকার ট্রান্সফরমারের ত্রুটির কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমারের ফিউজ নষ্ট হলে তা মেরামতে করতে সাধারণত ৩০ মিনিট সময় লাগার কথা থাকলেও বাস্তবে সময় লাগছে ৮ থেকে ১০ ঘণ্টা। গত এক সপ্তাহ ধরে শায়েস্তানগর বাজার, ঈদগাহ, মাতৃমঙ্গলসহ আশপাশের এলাকায় প্রতিদিনই ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। এর মূল কারণ হিসেবে মাতৃমঙ্গলের ট্রান্সফরমারে জোড়াতালি দিয়ে চালানোকে দায়ী করছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, ট্রান্সফরমারের ফিউজ উড়ে গেলে বিদ্যুৎ অফিসে বারবার ফোন করা হলেও সংশ্লিষ্টরা ‘আসছি’ বলে দীর্ঘ সময় পার করে দেন। অভিযোগ কেন্দ্র থেকেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে এলাকায় একটি মা ও শিশু কেন্দ্র থাকায় বিদ্যুৎ সমস্যার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর বারবার অভিযোগ জানানোর পরও সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে রাত ৭টার দিকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে বিষয়টি জানানো হলে মাত্র ৩০ মিনিটের মধ্যে ট্রান্সফরমার মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত স্থায়ী সমাধান ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।