স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামে মোস্তাক ফয়েজীর ওয়াজ মাহফিলের ভিডিও ধারণ করে তা বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের সাবাজ মিয়া (৪৪) গত ৮ এপ্রিল হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর মেহেদী হাসান সৌরভ (২৫)-কে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, গত ৭ এপ্রিল রাতে জালালাবাদ শাহী ঈদগাহ মাঠে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল চলাকালে বৃষ্টি শুরু হলে প্রধান অতিথি মাওলানা মোশতাক ফয়েজীকে প্যান্ডেলের নিচে বসিয়ে নসিহত প্রদানকালে একটি ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিওটি সম্পাদনা করে ভিন্ন ও মনগড়া ক্যাপশন সংযোজন করে ‘অত’ নামের একটি ফেসবুক পেজে প্রচার করা হয়। ভিডিওটি ইতোমধ্যে প্রায় দেড় মিলিয়ন ভিউ অর্জন করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আলেম ও আয়োজক সংগঠনের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।
এর পরে সদর মডেল থানার এসআই আলী আকবরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের কালিবাড়ি ক্রস রোড এলাকা থেকে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের মৃত কামরুল ইসলামের ছেলে মেহেদী হাসান সৌরভ এবং রিচি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের ছালেক মিয়ার ছেলে মোসাহিদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।