স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের কয়েকজন কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট দপ্তরের সেবা কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব পড়ছে। একদিকে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত দুইজন নার্স ও একজন হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আরও অন্তত ৩জন কর্মচারী প্রায় ৩ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তবে উপস্থিতির খাতায় নিয়মিত স্বাক্ষর না থাকলেও তারা বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কর্মস্থলে উপস্থিত না থাকায় সেবাগ্রহীতাদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে হাসপাতালে নার্স সংকটের কারণে রোগীদের সময়মতো সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
অভিযোগ রয়েছে, অনুপস্থিত কিছু কর্মচারী দেশের বাইরে অবস্থান করছেন। আবার কেউ কেউ দীর্ঘমেয়াদি ছুটির আবেদন দেখিয়ে দায়িত্ব পালন না করেই সরকারি সুবিধা ভোগ করছেন। তবে এসব ছুটি যথাযথ নিয়মে অনুমোদিত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে কেন অনুপস্থিত কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এদিকে সচেতন মহল বলছেন, সরকারি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে সেবার মান উন্নয়ন সম্ভব নয়। তারা দ্রুত তদন্ত করে অনুপস্থিত কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে একজন ডাক্তার জানান, বিষয়টি সঠিক। এদের মধ্যে কেউ কেউ ছুটিতে গেছে। আবার কেউ কেউ দেশের বাহিরে। তা তদন্ত করে ব্যবস্থা নেয়া দরকার।
এলাকাবাসীর প্রত্যাশা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে।