স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী সামিউল হক অনিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত সামিউল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে গত বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকালে সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী এবং ইসলামাবাদ এলাকার বাসিন্দা। তার পাশের বাড়িতে সামিউল হক অনিক তার স্ত্রীসহ ভাড়া থাকত। সে বিভিন্ন সময় ভিকটিম ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি ভিকটিমের পিতা জানতে পেরে সামিউলকে সতর্ক করে দেন। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং ভিকটিমকে অপহরণ করার হুমকি প্রদান করে। গত ১৮ জানুয়ারি সকাল অনুমান সাড়ে ৯টার দিকে ভিকটিম স্কুলে গিয়ে বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরবর্তীতে ওই দিনই ভিকটিমের পিতা লোকমুখে জানতে পারেন যে, ভিকটিম স্কুলে যাওয়ার পথে বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকা সামিউলসহ তার কতিপয় সহযোগীর সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গেছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে সামিউলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।