নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালালসাপ গ্রামের আব্দুস সামাদের বাড়িতে রাতের আঁধারে একদল দুর্বৃত্ত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে আব্দুস সামাদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোর রাতে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সামাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার। ঘটনার পর তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হলে, গোপলা বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী আব্দুস সামাদ জানান, একই গ্রামের রুবেল মিয়ার সাথে তাদের বাড়ির সীমানা ও জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে ইতিপূর্বেও একাধিকবার ঝগড়া ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে। রুবেল মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। আমার ধারণা, সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকা জুড়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে। ভুক্তভোগী আব্দুস সামাদের পরিবারের সদস্যরাসহ স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।