স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দিন দিন বেড়ে যাচ্ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। রাস্তাঘাট, বাজার, স্কুলের সামনে, এমনকি আবাসিক এলাকাতেও দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে এ কুকুরগুলো। প্রায়ই কুকুরের কামড়ে আহত হচ্ছেন পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও শিশু-কিশোররা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরবাসী। ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক মাসে কুকুরের কামড়ে শহরের বিভিন্ন এলাকায় বহু মানুষ আহত হয়েছেন। তবে পৌরসভা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বিশেষ করে সন্ধ্যার পর শহরের শায়েস্তানগর বাজারসহ বিভিন্ন এলাকায় অলিগলিতে কুকুরের আধিপত্য দেখা যায়। এতে সাধারণ মানুষ চলাচলে ভীত হয়ে পড়ছেন। স্থানীয়রা জানান, চিকিৎসার জন্য অনেক সময় ভ্যাকসিনের অভাবেও ভোগান্তি পোহাতে হয়। অথচ পৌরসভার দায়িত্ব থাকা সত্ত্বেও তারা বিষয়টি নিয়ে কোনো পরিকল্পনা হাতে নেয়নি। ফলে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা। এ বিষয়ে শহরবাসীর দাবি পৌরসভা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও নির্বীজন কার্যক্রম চালায়। পাশাপাশি কামড়ানো রোগীদের জন্য জরুরি চিকিৎসা ও পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়।
জনগণের প্রশ্ন কবে নাগাদ পৌরসভা দায়িত্বশীল ভূমিকা পালন করবে ? নাকি বেওয়ারিশ কুকুরের ভয়ে শহরবাসীর জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে ?।