প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশে মব সন্ত্রাস প্রতিহত করা, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শ্রমজীবী মানুষের নিরাপত্তা চাই, বিদেশীদের কাছে বন্দর লীজ দেয়া চলবে না, সাম্রাজ্যবাদী আধিপত্য রুখে দাড়াও। যথাসময়ে জাতীয় নির্বাচন দিতে হবে। উল্লেখিত দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন উপলক্ষ্যে গণতান্ত্রিক বামজোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল ১৫ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় স্থানীয় খোয়াইব্রীজ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বামজোট নেতা জেলা সিপিবির সভাপতি কমরেড পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজমান আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, নুরুল হুদা চৌধুরী শিবলী, নুরুজ্জামান তরফদার, সিপিবি সহ-সাধারণ সম্পাদক রনজন কুমার রায় প্রমুখ। উপস্থিত ছিলেন- বামজোট নেতা ফয়সল আহমেদ, কাজল চক্রবর্তী, জয়দীপ সাহা, আলিফ হোসেন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- মব সৃষ্টিকারী সন্ত্রাসীরা আইন অমান্য করে নাগরিক জীবন দুর্বিষহ করে তুলেছে। বাধাহীনভাবে তারা ব্যক্তি জীবন ও মাজার, দরগা, ক্ষেত্রবিশেষে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু কিছু নাগরিকদের হামলা, মামলা ও চাঁদাবাজী করছে। আমরা মব সৃষ্টিকারী সন্ত্রাসী চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি। অন্যথায় জনগণ অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে বাধ্য হবে।