স্টাফ রিপোর্টার ॥ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে। বুঝতে হবে গাছের গুরুত্ব। গাছ শুধু লাগালেই হবেনা। সংরক্ষণে মনোযোগী হতে হবে। কারণ গাছ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করে মানুষসহ সকল প্রাণী বেঁচে থাকে। দেশে গাছ রোপণে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কাজেই এবিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা আমাদের সকলের দায়িত্ব। গতকাল ২ সেপ্টেম্বর মঙ্গলবার লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে হাওর রক্ষায় আমরা, ধরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার “স্কুল প্রাঙ্গনে সবুজায়ন” শীর্ষক কর্মসূচিতে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ জেলা আহবায়ক তাহমিনা বেগম গিনি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব। ধরা জেলা শাখার নির্বাহী সদস্য মো: বাহার উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, গাছ মামা খ্যাত মো: রায়হান, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, মো: সাইফুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের আবহাওয়ার লক্ষণীয় পরিবর্তন হয়ে গেছে। যে সময় হাওরে পানি থাকার কথা সে সময় পানি নেই, মাছ নেই। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের কাজ করতে হবে।
এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, গাছ শুধুমাত্র পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করেনা, মাটির ক্ষয়রোধ, বন্যা, প্রাকৃতিক দূর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। পরিবেশ ও স্কুল প্রাঙ্গণকে সুন্দর রাখতে গাছ লাগানো ও যত্ন করতে হবে।
সভাপতির বক্তব্যে তাহমিনা বেগম গিনি গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্যকর সমাজের জন্য গাছ লাগানো ও সংরক্ষণ জরুরী। আমরা এলাকাবাসীদের উদ্বুদ্ধ করতে এরকম সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতিতে শতাধিক চারা রোপন ও ৩ শতাধিক তালের বীজ বিতরণ করা হয়।