চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৬-২৭ উৎপাদন মৌসুমে উফশী রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, বৃক্ষের চারা, লেবু ও গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাকসবজি আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কৃষি উপকরণ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ২৮৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উন্নতমানের উফসী আমন ধানের বীজ, ২১০০ জন কৃষকের মাঝে ৩০০ গ্রাম করে উফসী ও হাইব্রিড জাতের সবজির বীজ, ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও ৩১৫ জন কৃষকের মাঝে ৫টি করে বৃক্ষের চারা, ৪৫ জন কৃষকের মাঝে ৫টি করে লেবুর চারা বিতরণের পাশাপাশি প্রত্যেককে ১০ ও ১৫ কেজি ডিএপি (উঅচ) সার, ১০ ও ১৫ কেজি এমওপি (গঙচ) সার বিতরণ করা হয়েছে। এছাড়ও ২৫ ও ৩০ কেজি করে জৈব সারসহ ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয় এবং চারা পরিচর্যার জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ আকতারুজ্জামান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, রাণীগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম শাফিকুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী ও কৃষক হৃদয় মিয়া প্রমূখ। অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।