স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরীর আয়োজনে হবিগঞ্জ শহরের সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশু অংশ গ্রহণে এক ব্যতিক্রমধর্মী নৌ-ভ্রমনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরতলীর কালারডোবা বিনোদন কেন্দ্রে জড়ো হতে থাকে শিশুরা। তাদের সাথে যোগ দেন আয়োজনের উদ্যোক্তা হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। প্রথমেই শিশুদের পড়ানো হয় সাদা রংয়ের গেঞ্জী, লাল সবুজের ক্যাপ, হাতে দেয়া হয় বাংলাদেশের পতাকা। এরপর একে একে সবাই উঠে পড়ে বড় নৌকায়। শুরু হয় মজার এক নৌ-ভ্রমন। শিশুদের অনাবিল হাসি ও আনন্দ, মেতে উঠে উছ¦াসে। বিভিন্ন বয়সের ছোট ছোট ছেলে মেয়েগুলো মেতে উঠে নানা প্রকার গান, নাচ আর হাসি আনন্দে। একদিকে নৌকা চলছে আর অন্যদিকে দুপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সুবিধাবঞ্চিত শিশুগুলো মনের আনন্দে মেতে উঠে। ঘণ্টাখানেক পর পাওয়া যায় এক টুকরো মাঠ। নৌকা ভিড়িয়ে সবাই নেমে পড়ে মাঠে। শুরু হয় দুইভাগে ভাগ হয়ে ফুটবল খেলা। অনেকে আবার নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়ে সাতার কাটতে শুরু করে। প্রায় এক ঘন্টা এভাবেই ফুটবল খেলে আর দৌড়াদৌড়ি করে কাটিয়ে দেয় শিশুরা। ফেরার পথে আবারো হাসি আনন্দে মেতে উঠে বাচ্চাগুলো। কালার ডোবা বিনোদন কেন্দ্রে এসে সবাই বিরিয়ানী খেতে বসে পড়ে আর ফাকে ফাকে বিনোদন কেন্দ্রের রাইডগুলো চড়তে থাকে। প্রোগ্রামের শেষে সবাইকে ধুমপান আর নেশা না করার শপথ পড়ানো হয়। পৌর নির্বাহী কর্মকর্তা জানান, ‘হবিগঞ্জ শহরে অনেক সুবিধাবঞ্চিত শিশু ও পথশিশু রয়েছে। এদের অনেকেই ধুমপান আর নেশায় আসক্ত। মূলত: এ সকল শিশুদের ধুমপান আর নেশা থেকে মুক্ত রাখতে তাদের মানসিক বিকাশ ও সৌহার্দ্য সৃষ্টির জন্য এই আয়োজন।’ এর আগেও তিনি উদ্যোগ নিয়েছেন। আজকের আয়োজন এরই ধারাবাহিকতা। তিনি জানান, ‘এ সকল শিশুদের মাঝে রয়েছে অনেক প্রতিভা। প্রয়োজনীয় সহযোগিতা আর সুযোগ পেলে এ বাচ্চাগুলো দেশের জনসম্পদে পরিণত হতে পারে। হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রনে কোরীয়ান ভলান্টিয়াররা যখন হবিগঞ্জ শহরে আসে তখন সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে মিশে আর হাসি আনন্দ ভাগাভাগি করে।’ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে তাদের প্রতিভা বিকাশে এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।