স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রতনপুরে এক ঠিকাদারকে মারপিট করে সর্বস্ব নিয়ে গেছে একদল ছিনতাইকারী। এ সময় তরমুজ আলী নামে এক ছিনতাইকারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে। দিনে দুপুরে এমন ঘটনা ঘটায় এলাকায় আতংক বিরাজ করছে। এলাকাবাসী অভিযোগ করেন প্রায়ই এমন ঘটনা ঘটছে। গুরুতর আহত অবস্থায় কাটাখালি জয়রামপুর গ্রামের আব্দুস সহিদের পুত্র টিউবওয়েল বসানোর ঠিকাদার সুহেল মিয়া (২৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে রাজিউড়া ইউনিয়নের রতনপুর সড়কে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, সুহেল মিয়া ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে সহযোগী খোকন মিয়াকে নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি যাবার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে তরমুজ আলীর নেতৃত্বে একদল ছিনতাইকারী তাদের রাস্তা গতিরোধ করে লাথি দিয়ে মোটর সাইকেল থেকে ফেলে দেয়। এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে সোহেলের নিকট থেকে ৪০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরার চেষ্টা করলে পালিয়ে যাওয়ার সময় তরমুজ আলীকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করে। তাদের হামলায় খোকন ও জিতু মিয়া আহত হয়। এ ঘটনায় মুহুর্তেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তরমুজ আলী বানিয়াচং উপজেলার পুরান পাথারিয়া গ্রামের সুরুজ আলীর পুত্র। তার বিরুদ্ধে এমন আরও অভিযোগ আছে।
ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, তরমুজ আলী থানায় আটক আছে। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।