স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামে টাকা পাওনা নিয়ে দুই দলের সংঘর্ষে ওসি-যুবলীগ নেতাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। ১২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতংকে সাধারন মানুষ দিকবিদিক ছুটাছুটি করে। গুরুতর আহত অবস্থায় উপজেলা যুবলীগ নেতা সেলিম মিয়া (৩৮) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় সুজন মিয়া (৩৫) নামের একজনকে আটক করা হয়। এ ছাড়াও আব্দুল মতিনের পুত্র নাজমুল ইসলাম খোকা মিয়া (৫০), ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ (৪০), এসআই পলাশ চন্দ্র সরকার (৪০), এএসআই সোহেল দেব (৩৮), পুলিশ সদস্য জাবির হোসেন (৩৫), ইমরান মিয়া (২২), জামাল মিয়া (২৩), সাদ্দাম (২৩), মিজান (২৫) ও সায়েদ মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়ার সাথে নাজমুল ইসলাম খোকা মিয়ার লেনদেন নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মশাজান দিঘির পাড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক দাঙ্গাবাজরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় তারাও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ঘটনাস্থল থেকে মূলতোহা সুজন মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি এসল্ট মামলা করেছে।
ওসি গোলাম মর্তুজা জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়। পুলিশ বাদি হয়ে মামলা করেছে।