মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সাগরদিঘীর পশ্চিমপাড় বড়বাড়ী বাংলোতে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান টিপু। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, প্রিন্সিপাল আব্দাল হোসেন খান, ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগা খান, আরশাদ হোসেন খান বিপলু, যুবলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, ছিদ্দিক হোসেন খান একজন সামজিক ও ভাল মনের মানুষ ছিলেন, তারই সন্তানরা তাকে স্মরনীয় করে রাখতে উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের মহতী উদ্যোগ হাতে নিয়েছে যা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য এর বাস্তব উদাহরন ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন। তারা মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেয়ার পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে যারা সম্মাননা ও নগদ অর্থ পেয়েছো এটা তোমাদের মেধার স্বীকৃতি। এতে করে তোমরা পড়া লেখায় আরো উৎসাহিত হবে। আজকের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যত, তাই আমাদের প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের প্রতিটি মহতী উদ্যোগের সাথে পাশে থাকার প্রত্যায়ও ব্যক্ত করেন প্রধান অতিথি। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ২০২১ ইং সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলেদেন।