স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে চলাচলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। স্থানীয়রা বলছেন রাস্তাটি প্রায় দীর্ঘ ৭ বছর ধরে খানাখন্দকে ভরপুর। সামান্য বৃষ্টি হলে বড় বড় গর্তে পানি জমে কাঁদায় একাকার হয়ে যায়। গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য কারো সুনজর নেই বলে অভিযোগ স্থানীয়দের। আলাপকালে স্থানীয়রা জানান, সামান্য এই রাস্তাটির জন্য উপজেলার শেষ প্রান্তের মানুষগুলোর শহরে আসতে হয় দীর্ঘ রাস্তা ঘুরে। কিছু অংশ পিচঢালা রাস্তা থাকলেও খানাখন্দকে ভরপুর, আর মাঝের এই দুই কিলোমিটার চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। তারা বিষয়টি নিয়ে বাহুবল উপজেলা প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করেও রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা করতে পারেননি। ফলে কমপক্ষে ১০টি গ্রামের মানুষকে কষ্ট করেই চলাচল করতে হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, ঢাকা সিলেট মহাসড়কের লস্করপুর রেল লাইন ঘেষে যাওয়া কোর্টআন্দর বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ রাস্তাটির লস্করপুর রেলক্রসিং থেকে কোটআন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত চলাচলের অনুপযোগী। সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে কাঁদায় একাকার হয়ে যায়।
ওই গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ জানান, রাস্তাটি বেশ কয়েক বছর আগে সংস্কার হয়েছিল। সেই সময় পিচঢালা রাস্তা তৈরি করা হয়। কিন্তু উভয় অংশে মাঝের দুই কিলোমিটার কেউ মেরামত করেনি। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছোট ছোট যানবাহনগুলো টেনে উঠাতে হয়। আর বড় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এলাকার সিএনজি চালক বকুল মিয়া জানান, আমরা অবহেলিত, উপজেলার শেষ প্রান্তে অবস্থিত রাস্তাটি দেখার কেউ নেই। সড়কটির এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয়েছে সীমান্ত এলাকার কয়েক শতাধিক ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থীসহ বাজারে আসা হাজার হাজার সাধারণ মানুষকে। স্থানীয় শিক্ষার্থী হাবিবা, মাশকুরা, তানিয়া, লিপি, শারমিনজাহান সহ বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন-তাদের বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। যেটি বছরের পর বছর কাঁদা পানিতে ভরে থাকে। ফলে তাদের চরম দূর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশল অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়েছেন। বরাদ্দ পেলেই দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় সংসসদ সদস্য দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, বাহুবলের রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সে রাস্তাটিও করা হবে।
মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত জানান, আমার কাছে বরাদ্দ নেই। স্থানীয় এমপির সাথে কথা বলে বরাদ্দ আসলে রাস্তাটির সংস্কার করা হবে।