নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করা, ফুটপাত দখল উচ্ছেদ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ব্যস্ততম থানা পয়েন্ট ও গাজীরটেক পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। অভিযানকালে পেট্রোলিয়াম আইন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, সড়ক পরিবহন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ১১টি মামলায় ২০ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
পেট্রোলিয়াম আইন, ২০১৬ (৪ ধারা): অনিয়মের দায়ে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ [১০৮ (৭) ধারা] ফুটপাত দখল ও চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে ৬টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা।
সড়ক পরিবহন আইন, ২০১৮ (৪ ধারা): আইন লঙ্ঘনের দায়ে ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা। দণ্ডবিধি, ১৮৬০ (১৮৮ ধারা): সরকারি আদেশ অমান্য করায় ২টি মামলায় ৪ শত টাকা জরিমানা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরণের প্রশাসনিক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সদস্য মোঃ হাসান চৌধুরী, সাগর আহমেদ ও নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।