স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উত্তর শ্যামলী পাড়ায় অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা ও বর্তমানে উত্তর শ্যামলী পাড়ায় বসবাসকারী মো. শাহরিয়া চৌধুরী সুমন (৪১)। তিনি হবিগঞ্জ জেলা যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। অপরজন হলেন হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের ফুল মিয়ার ছেলে জুবায়ের আহমেদ (৩৪)। তিনি জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক সদস্য।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা দেওয়া তথ্যে উল্লেখ নেই।