স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ঘরের সিঁধ কেটে অপহরণকৃত শিশু সানিকে আদালতে হাজির করা হলে শিশুটির জবানবন্দি শেষে তাকে তার মা আনু বেগমের জিম্মায় দেয়া হয়েছে। এদিকে আসামি জিহান অপহরণের কথা স্বীকার করে জবানবন্দি দিলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন বৃহস্পতিবার বিকালে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের রতনপুর গ্রামে জিসানের ভাগনে বিজয়ের বাড়ি থেকে সানি মাহমুদ ইয়াসিনকে (৫) উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার বাড়ি থেকে সানিকে চুরি করা হয়। ঘরের সিঁধ কেটে ঘুমন্ত শিশুটিকে মায়ের কাছ থেকে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও জড়িতদের ধরতে অভিযান শুরু করে। আটক জিসানের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বিজয়ের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রায় এক বছর আগে জিসানের সঙ্গে শিশুটির বড় বোন শাকিলার বিয়ে হয়। শাকিলা সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বিয়ের কিছুদিন পর তিনি কর্মস্থলে ফিরে যান।
পরবর্তীতে জিসানের ও শাকিলার মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে শাকিলা তাকে তালাক দেওয়ার সিদ্ধান্তের কথা জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন জিসান। পরে তিনি ভাগনে বিজয়, প্রতিবেশী কাজল ও বাবলুকে সঙ্গে নিয়ে শিশুটিকে অপহরণ করেন।