স্টাফ রিপোর্টার ॥ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আওতায় দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর লক্ষ্যে চুনারুঘাটে প্রেস কনফারেন্স করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার চুনারুঘাট উপজেলা সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, তথ্য সংগ্রহকারী, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, চুনারুঘাট উপজেলায় প্রাথমিক পর্যায়ে ২ নম্বর আহমদাবাদ, ৪ নম্বর পাইকপাড়া ও ১০ নম্বর মিরাশী ইউনিয়নকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম পরিচালনা করা হবে। সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা বা প্রভাব বিস্তারের সুযোগ নেই। নির্ধারিত পদ্ধতিতে তথ্য সংগ্রহকারীরা অনলাইন অ্যাপের মাধ্যমে পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে ফ্যামিলি কার্ডের জন্য উপযুক্ত পরিবার নির্বাচন করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। তথ্য সংগ্রহের নির্ধারিত সময় শেষ হওয়ার পর কারা ফ্যামিলি কার্ড পাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য পরিবার চিহ্নিত করা হবে। তাই কারা ফ্যামিলি কার্ড পাবেন, তা নির্ধারিত হবে সংগৃহীত তথ্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।