মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের জগদীশপুর চা-বাগান এলাকার রাজু মিয়ার বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির ভেতরে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করে। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যায়। এসআরবি সূত্র জানায়, পলাতক ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। উদ্ধার করা গাঁজা এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।