স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগে শিবির কর্মী পরিচয় দানকারীসহ ২ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হল সদর উপজেলার পইল গ্রামের সাদত আলীর পুত্র শিবিরকর্মী আব্দুল হান্নান (২৮), আষেড়া গ্রামের রনধীর চক্রবর্তীর পুত্র রাজীব চক্রবর্তী ও শায়েস্তানগর এলাকার আব্দুল হামিদের পুত্র সাহিনুর রহমান রিমন (২২) আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে মাদকদ্রব্য কার্যালয়ের উপ-পরির্দশক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহি শায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তাদেরকে রাত ৮টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসানের আদালতে হাজির করা হলে রাজিব চক্রবর্তীকে ১০পিস ও শিবির কর্মী পরিচয়দানকারী আব্দুল হান্নানকে ৪ পিস ইয়াবা রাখার অভিযোগে প্রত্যেককে এ বছরের কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে রিমনকে ইয়াবা সেবনের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ করায় রিমনকে ছেড়ে দেওয়া হয় এবং অপর দু’জনকে কারাগারে প্রেরণ করা হয়।