স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে জালালাবাদ হোমিও ফার্মেসী এন্ড টেলিকমে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ১টি ল্যাপটপ কম্পিউটার, ৪/৫টি দামী মোবাইল, ৪টি হাত ঘড়ি, জার্মানের তৈরী দামী হোমিও মেডিসিন ও মেডিকেল যন্ত্রপাতিসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে।
প্রতিষ্ঠানের মালিক ডা: জুয়েল আহমদ ফয়েজ বলেন, প্রতিদিনের ন্যায় ঘটনার রাত প্রায় ৯টার দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে পার্শ্ববর্তী মৌলভীবাজার মডেল থানাধীন খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামের বাড়িতে চলে যাই। পরদিন গতকাল বুধবার সকালে এসে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে চোরেরা আমার দোকানের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।
উল্লেখ্য অতিসম্প্রতি আউশকান্দি হীরাগঞ্জ বাজারে মা শপিং সিটিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।