স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাংবাদিকতা জগতের পথিকৃৎ আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ আমীর হোসেন আর নেই। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
পারিবারিক সূত্র জানায়, অ্যাডভোকেট আমির হোসেন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গত ১ ডিসেম্বর চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে বুকে ব্যথা অনুভব হলে তাঁকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম করে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। গত ৬ ডিসেম্বর ওই হাসপাতালেই তাঁর হার্টে তিনটি রিং লাগানো হয়। এরপর রীতিমতো সুস্থ হয়ে উঠেন তিনি। গত ৯ ডিসেম্বর পুনরায় বুকে ব্যথা অনুভব হলে তাকে নেয়া হয় হাসপাতালের সিসিইউতে। সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ২টার দিকে তাঁর শরীরের অবনতি ঘটে। বেলা সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মোঃ আমির হোসেনের মৃত্যুতে সাংবাদিক মহল তথা হবিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকায় অবস্থানরত স্বজন ও শুভাকাঙ্খীরা তাকে শেষবারের মতো দেখার জন্য ছুটে যান ঢাকার মালিবাগ এলাকার ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। মরহুমের ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক মহিবুল হোসেন জিতু জানান, মরহুমের ছেলে আমেরিকা প্রবাসী জুলফিকার হোসেন তানজির দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তানজির আজ মঙ্গলবার বিকেলে দেশে এসে পৌঁছুবেন। এছাড়া ঢাকায় অবস্থানরত স্বজন ও শুভাকাঙ্খীদের সুবিধার্থে আজ বাদ আছর ঢাকার সিদ্ধেশ্বরী জামে মসজিদে মরহুম আমীর হোসেনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁর লাশ হবিগঞ্জ শহরে নিয়ে আসা হবে। পরদিন বুধবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ শহরের শিরীষ তলায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ওইদিনই বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।