নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশিক মিয়ার শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে। গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ইউনিয়নের আওয়ামীলীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) মেহের আলী মহালদার বাদী হয়ে শৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও বড় ভাকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পুন:নির্বাচন, গেজেট নোটিফিকেশন প্রকাশ না করা ও নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আশিক মিয়ার শপথ বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন মোকাদ্দমা নং ৭৮৫৯/২০১৬ দায়ের করে। এরই প্রেক্ষিতে গত ১৪ জুলাই তারিখে চেয়ারম্যান আশিক মিয়ার শপথ কার্যক্রম স্থগিত করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন হাইকোর্ট।
রীট আবেদনকারী মেহের আলী মহালদার তার অভিযোগে উল্লেখ করেন, গত ২৮শে মে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক সহিংসতা, আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে টাকা পয়সা বিতরণ করে নির্বাচনের ফলাফল বিএনপির বিদ্রোহী প্রার্থী, আশিক মিয়া নিজ পক্ষে নিয়ে যান। নির্বাচনের প্রথম থেকেই আশিক মিয়া আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। এ ব্যাপারে প্রশাসনের কাছে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে এবং এলাকার জনগণের পক্ষ থেকে বিভিন্ন আবেদন নির্বাচনের পূর্বেই করা হলে রিটার্ণিং অফিসার কোন পদক্ষেপ নেন নাই। বিজয়ী বিএনপির বিদ্রোহী প্রার্থী আশিক মিয়া ২৫৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। অন্যদিকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মেহের আলী মালদার ২২০৩ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেন। আরো উল্লেখ করা হয় যে, বিগত ২৬/০৫/২০১৬ ইং তারিখ সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময়ে বড়ভাকৈর গ্রামের কুবদাম মুচির বাড়ীতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় বিনপির বিদ্রোহী প্রার্থী আশিক মিয়া গ্রামবাসী দ্বারা আটক হলে বিএনপির প্রার্থী হাবিবুর রহমানের সহায়তায় মুক্তি পান। উপরোক্ত সহিংসতা ও আচরণবিধি লঙনের জন্য আশিক মিয়ার নির্বাচনী ফলাফল বাতিল করা সহ ও গেজেট নোটিফিকেশন প্রকাশ না করার জন্য মেহের আলী মহালদারের পক্ষ থেকে বিগত ২৯/০৫/২০১৬ ইং তারিখে নবীগঞ্জ রিটার্নিং অফিসারের নিকট এবং বিগত ০২/০৬/২০১৬ ইং তারিখে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আবেদন করা হলে ও তদন্তক্রমে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয় নাই। এলাকাবাসীর পক্ষ থেকে বিগত ৩১/০৫/২০১৬ ইং তারিখে আচরণ বিধি লঙনের জন্য রিটার্নিং অফিসারের নিকট আবেদন করা হলে তিনি পক্ষপাতিত্ব মনোভাব নিয়ে কোন আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেন নাই। আচরণবিধি লঙনের অভিযোগ রিটার্নিং অফিসার কর্তৃক সুরাহা না হলে মেহের আলী মালদার হাইকোর্ট ডিভিশনে গত ২৯/০৬/২০১৬ ইং তারিখে রীট মোকাদ্দমা নং ৭৮৫৯/২০১৬ দায়ের করেন। এরই প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন এই রীট মোকাদ্দমায় ১০শৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ১৯নং বড়ভাকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেন পুনঃনির্বাচন হবে না এই মর্মে রুলনিশি জারি করে ৪ সপ্তাহের ভেতরে জবাব চান এবং নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আশিক মিয়ার শপথ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন আদালত। উক্ত আদেশের ফলে গত ১৪ জুলাই ১৩টি ইউনিয়নের মধ্যে আশিক মিয়া ছাড়া ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ নেন।