নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের নতুন বাজার পয়েন্ট ও জে কে হাই স্কুল পয়েন্টে গভীর রাতে পুলিশের অভিযানে ৮ ব্যবসায়ী আটকের ঘটনায় গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এক জরুরী সভায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনার খবর পেয়ে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ প্রায় শতাধিক ব্যবসায়ী থানায় ছুটে যান থানায়। এক পর্যায়ে রাত ২ টার দিকে মুছলেকা রেখে পুলিশ তাদের মুক্তি দেয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলী একদল পুলিশ নিয়ে নতুন বাজার মোড়ে সুগন্ধা কনফেকশনারীর ব্যবসায়ী ছালিক মিয়া, শেলী কনফেকশনারীর মালিক হাজী মদরিছ মিয়া, পাশের ব্যবসায়ী আল-আমীনকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় পুলিশ সুগন্ধ্যার সামনে দু’টি পান দোকান ভাংচুর করেছে বলে অভিযোগ রয়েছে। সেখান থেকে ফেরার পথে জে কে হাইস্কুল পয়েন্ট থেকে চা-ষ্টল ব্যবসায়ী ঝন্টু দাশ, ফল ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া, কনফেকশনারী ব্যবসায়ী আব্দুল মুহিত, ডিম ব্যবসায়ী সাগর মিয়া ও ষ্টেশনারী ব্যবসায়ী টিটু শীলকে আটক করে থানায় নিয়ে যান।
এ খবর ব্যবসায়ীদের মাঝে জানাজানি হলে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। ব্যবসায়ীরা দল বেধে থানায় ছুটে যান। প্রায় ১ ঘন্টা পর ওসি থানায় আসলে ব্যবসায়ীদের জানান উপজেলা আইনশৃংখলা সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ব্যবসায়ীদের জানানো হয়েছে গভীর রাত পর্যন্ত দোকান খোলা না রাখার জন্য। তারা না মানায় থানায় আনতে হয়েছে। জবাবে ব্যবসায়ী নেতারা এ বিষয়টি অবগত নয় বলে দাবী করেন। পরে গভীর রাত পর্যন্ত দোকান খোলা না রাখার শর্তে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। ক্ষুব্ধ ব্যবসায়ী নেতারা জানান, গভীর রাত পর্যন্ত ব্যবসা করার কারনে আইনশৃংখলার অবনতির আশংখ্যা থাকলে কোন প্রকার ওর্য়ানিং নোটিশ ব্যতিত সম্মানিত ব্যবসায়ীদের মারধর ও দোকান ভাংচুর করে থানায় নিয়ে আসা দুঃখ জনক।
এ দিকে ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে সমিতির কার্যালয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরীর সভাপতি এবং সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালানায় এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। সভায় ব্যবসায়ীদের আটকের ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।