স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। গতকাল বুধবার সকালে তিনি হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে যান। তিনি হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কাজ পর্যবেক্ষন করেন। এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট নাসিম হাসান, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গত ১ সপ্তাহ যাবত ঈদগাহের ভিতর ও ঈদগাহের আশপাশে হবিগঞ্জ পৌরসভা পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করছে। পবিত্র ঈদে পরিচ্ছন্নতার পাশাপাশি হবিগঞ্জ পৌরসভা ব্যানার সজ্জা, অভ্যর্থনা পতাকা স্থাপন, মুসল্লিদের খাবার পানির ব্যবস্থা, সচেতনতামুলক লিফলেট বিতরণসহ অন্যান্য কার্মকান্ড পরিচালনা করবে।