নবীগঞ্জ প্রতিনিধি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে মাওলানা শায়খ রুহুল আমিনকে সভাপতি এবং মাওলানা শেখ ওয়াজিদ আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নাইস হোটেল এন্ড রেস্টুরেন্টে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা শায়খ রুহুল আমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা শেখ ওয়াজিদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, “জাতির এই নির্মম ক্রান্তিলগ্নে জমিয়তে উলামায়ে ইসলামের প্রত্যেক নেতাকর্মীকে ইসলাম ও মানবতার স্বার্থে কার্যকর ভূমিকা রাখতে হবে। জমিয়তের আওয়াজ, হক ও হক্কানিওদের বার্তা শুধু নবীগঞ্জে নয়—সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে হবিগঞ্জ জেলা জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা মাছরূরুল হক বলেন, জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নিজাম এই স্লোগানকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা যেন কোনো মতেই কোন রাজনৈতিক দলের প্রতিহিংসায় নিয়োজিত না হই। আমরা প্রতিযোগিতা মূলক রাজনৈতি করে এগিয়ে যাব। আমাদেরকে প্রতিযোগিতা মূলক রাজনীতি করে এগিয়ে যেতে হবে।
আনান্যদের মাঝে উপস্থিত, জেলা সহ-সভাপতি মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দাল হোসেন খান, জেলা সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা উমামুদ্দিন, জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আযহার, জেলা কোষাধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ এবং সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ নেযামী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়ত নেতা মাওলানা আফরোজ আল-হাবিব ও মাওলানা শামসুল ইসলাম নূরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্যের নতুন প্যানেল ঘোষণা করা হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।