মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা আক্তারকে অন্য বিদ্যালয়ে প্রেষণে বদলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে নতুন কর্মস্থলে গিয়ে শিক্ষককে ফিরিয়ে দেওয়ার দাবি জানালে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন। মানববন্ধন শেষে মিছিল নিয়ে তারা ছাতিয়াইন ইউনিয়নের মনিপুর এস এম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে আফসানা আক্তারকে সাতপাড়িয়া বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার দাবি জানালে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয় বলে সংশ্লিষ্টরা জানান। জানা গেছে, আফসানা আক্তারকে সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রেষণে মনিপুর এস এম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। তিনি গত ১ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগ দেন। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বদলির আদেশ বাতিল করে তাকে সাতপাড়িয়া বিদ্যালয়ে ফিরিয়ে দিতে হবে। তাদের অভিযোগ, তিনি বিদ্যালয়ের পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন এবং তাকে সরিয়ে নেওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, গত জুলাই মাসে তিন দিনের ছুটি নেওয়াকে কেন্দ্র করে আফসানা আক্তার ও প্রধান শিক্ষক মো. ফাইজুল্লাহর মধ্যে বিরোধের সূত্রপাত হয় বলে জানা গেছে। আফসানা আক্তারের দাবি, তিনি ছুটির আবেদন করলেও তা অনুমোদন না করে তাকে অনুপস্থিত দেখিয়ে মাসিক প্রতিবেদনে পাঠানো হয়। তবে প্রধান শিক্ষক মো. ফাইজুল্লাহ বলেন, আফসানা আক্তার মৌখিকভাবে এক দিনের ছুটি নিয়েছিলেন। তিন দিন পরও বিদ্যালয়ে না আসায় তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। তিনি আরও জানান, বিষয়টি সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছিল এবং পরে তা মীমাংসার উদ্যোগ নেয়া হয়। মনিপুর এস এম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ওমর ফারুক জলপু বলেন, সাতপাড়িয়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে ওই শিক্ষককে ফিরিয়ে নেওয়ার দাবি জানালে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয়। মাধবপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন,সহকারী শিক্ষক আফসানা আক্তার ও প্রধান শিক্ষক মো. ফাইজুল্লাহর মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। এছাড়া সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। আফসানা আক্তারের সম্মতিতেই তাকে প্রেষণে বদলি করা হয়েছে।