স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবুল রায় (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই প্রদীপ রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চৌধুরী বাজারস্থ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ রোডে জনৈক রফিকুল ইসলামের পিঁয়াজু-সিঙ্গারার দোকানের সামনে অভিযান চালান।
এ সময় সেখানে থাকা বাবুল রায় (৫২) কে আটক করে পুলিশ। তিনি মৃত নিতাই রায়ের ছেলে। তার স্থায়ী ঠিকানা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামে এবং বর্তমান ঠিকানা হবিগঞ্জ সদর উপজেলার যশেরআব্দা এলাকায়। পরে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার বাবুল রায়ের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।