স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে বোঝাইকৃত বাঁশসহ দুটি ট্রাক আটক করেছে বন বিভাগ। গত শনিবার (২৯ আগস্ট) রাতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশনায় শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব বাঁশ ও ট্রাক আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের স্টাফরা নবীগঞ্জ উপজেলার দিনারপুর হিল রিজার্ভ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ বাঁশ বোঝাই দুটি ট্রাক আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক দুটি ট্রাক ও বাঁশ শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে এসে জব্দ করে রাখা হয়। বর্তমানে ট্রাক ও বাঁশ বন বিভাগের হেফাজতে রয়েছে। হবিগঞ্জ রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জের বনাঞ্চলে অবৈধভাবে গাছ ও বাঁশ কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ বাঁশসহ দুটি ট্রাক আটকের বিষয়টিও তিনি নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি জানান, শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বনজ সম্পদ রক্ষায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। অপরাধী যে-ই হোক, বন বিভাগের সরকারি সম্পদ রক্ষায় তিনি অভিযান পরিচালনা করে আসছেন। এরই মধ্যে চোরাই গাছ ও বাঁশসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং এসব ঘটনায় বন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে তারা জানান। তাদের অভিযোগ, বনজ সম্পদ উদ্ধারে অভিযান পরিচালনার কারণে একটি দুষ্কৃতকারী মহল বন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ এবং বিভিন্ন দপ্তরে নামে-বেনামে অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে। এমনকি তাকে শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিস থেকে বদলি করার জন্যও একটি মহল নানা ধরনের তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।