স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতে কোর্ট ফির সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। মামলা, এফিডেভিট, দরখাস্ত, জামিন আবেদনসহ বিভিন্ন বিচারিক কার্যক্রমে প্রতিদিন বিপুল পরিমাণ কোর্ট ফি প্রয়োজন হলেও কয়েকদিন ধরে পর্যাপ্ত কোর্ট ফি পাওয়া যাচ্ছে না। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় কোর্ট ফির অভাবে অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপো করতে হচ্ছে। এতে বিচারিক কার্যক্রম বিলম্বিত হওয়ার পাশাপাশি সাধারণ বিচারপ্রার্থীদের দুর্ভোগ বাড়ছে। এদিকে সংকটের সুযোগ নিয়ে একটি অসাধু চক্র নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোর্ট ফি বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থ দিয়ে কোর্ট ফি কিনতে বাধ্য হচ্ছেন অনেক বিচারপ্রার্থী। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন আইনজীবীরা। আবার কোনো কোনো স্ট্যাম্প ভান্ডারের নিকট খুচড়া পাওয়া যাচ্ছে। যা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়তে হয়।
আইনজীবী ও বিচারপ্রার্থীরা দ্রুত কোর্ট ফির সরবরাহ স্বাভাবিক করা, কৃত্রিম সংকট দূর করা এবং অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।