স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে জবাবদিহিতা, সুশাসন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়নে সাংবাদিক সমাজ সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে গণমাধ্যমের স্বাধীন, নিরপেক্ষ ও গঠনমূলক ভূমিকা অপরিহার্য। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জাতির সঠিক পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ হারুন, হবিগঞ্জ পৌর জামায়াতের আমির ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুল ইসলাম সোহাগ, পৌর জামায়াতের সেক্রেটারি আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা তারেকুল ইসলাম, এডভোকেট আজিজুর রহমান রুবেল প্রমুখ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোঃ শাবান মিয়া, সাবেক সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মজিদ, যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, সাংবাদিক প্রদীপ দাস, শওকত চৌধুরী, মোঃ নুর উদ্দিন, মীর আব্দুল কাদির, এম এ রাজা প্রমুখ। সাংবাদিকগণ মুক্ত আলোচনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত দায়িত্ব, সামাজিক সম্প্রীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় গণমাধ্যমের করণীয় বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। জেলা জামায়াতের নেতৃবৃন্দও সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।