নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং মা সমাবেশ।
গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রাথমিক দায়িত্ব পরিবার ও বিদ্যালয়ের। মায়েরা যদি তাদের সন্তানদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলেন এবং নিয়মিত স্কুলে পাঠাতে উৎসাহিত করেন, তবেই আমরা একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠন করতে পারব।” তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি ছোট্ট উদ্যোগ হলেও এর সুফল সুদূরপ্রসারী।” তিনি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করে তাদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মায়েদের সচেতনতা এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির গুরুত্বের ওপর আলোকপাত করেন। একই সঙ্গে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয় অংশগ্রহণ করেন।