সৈয়দ এখলাছুর রহমান খোকন ॥ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীগুলো পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ ও বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধ দুটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গা স্থানগুলো দিয়ে দ্রুত বেগে পানি প্রবেশ করে অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। ওই এলাকার জমির ফসলসহ অসংখ্য পুকুর পানিতে তলিয়ে যাওয়ায় বিপুল পরিমাণ মাছ পানির তুড়ে বেসে গেছে। বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ এলাকায় নদীর বাঁধ ভেঙ্গে যায়। রাতে স্থানীয় লোকজন গবাদি পশুসহ মালামাল নিয়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন। শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছান জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপিসহ বিভিন্ন দফরের উর্ধতন কর্মকর্তরা। তারা ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করেন। একই সাথে দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগও নেন। এদিকে জেলার কুশিয়ারাসহ অন্যান্য নদীগুলোতেও পানি বিপদসীমা অতিক্রম করেছে। নদী তীরবর্তী এলাকা ও হাওরাঞ্চলের মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
লস্করপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাহেব আলী বলেন, ‘আধা ঘণ্টার মধ্যেই বাঁধের অন্তত ১০০ ফুটের বেশি অংশ ভেঙে যায়। এতে লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ, চরহামুয়া, আদ্যপাশা, বনগাঁও কালিগঞ্জ, সুঘর ও কটিয়াদি গ্রাম প্লাবিত হয়েছে। গবাদিপশু নিয়ে অনেক মানুষ নদীর বাঁধে আশ্রয় নিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘রাত ১০টার পর থেকে আমার ওয়ার্ডের বহু পরিবারের বসতবাড়ি তলিয়ে গেছে। অনেক বাড়িতে কোমরসমান পানি জমেছে।’
কালিগঞ্জ গ্রামের কৃষক আব্দুল করিম (৪৫) বলেন, গত বৃহস্পতিবার রাতে হঠাৎ বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। ঘুমের মধ্যেই বুঝতে পারি, পানি বাড়ছে। কোনো মতে গরু-ছাগল ও ঘরের জরুরি জিনিসপত্র নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদ স্থানে সরে আসি।’ দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ত্রাণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান তিনি। একই এলাকার বাসিন্দা রহিমা বেগম (৩৮) জানান, পানি বাড়তে দেখে রাতেই সন্তানদের নিয়ে কাছের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি। রহিমা বলেন, ‘প্রতিবছরই এই সময়ে বাঁধ ভাঙার ভয়ে থাকি, কিন্তু স্থায়ী কোনো সমাধান দেখি না। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বাজারে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। আমরা শুধু সাময়িক ত্রাণ চাই না, বাঁধগুলো স্থায়ীভাবে মজবুত করার দাবি জানাই।’
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্-আবু-জাহের জানান, সদর উপজেলার ৩০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। তাদের মধ্যে এক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কালনী-কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার এবং সুতাং নদীর সুতাং ব্রিজ পয়েন্টে ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনটি পয়েন্টেই পানি বাড়ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, এখন পর্যন্ত খোয়াই নদীর ২টি স্থান ভেঙ্গেছে। আরও কয়েকটি স্থান ভাঙ্গনের আশংকা রয়েছে। তবে আর ভারী বৃষ্টিপাত না হলে নদীগুলোতে পানি কমে যাবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থানীয় লোকজনদের নিয়ে বস্তা দিয়ে মাটি ফেলে সংস্কার করা হচ্ছে। ভাঙ্গা বাঁধ দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে।