সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার হবিগঞ্জে বন্যাদূর্গত ২’শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ॥ জেলায় বৃত্তি পেল ১৩১ শিক্ষার্থী ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী দুই সরকারি স্কুলের কোনো শিক্ষার্থীই বৃত্তি পায়নি হবিগঞ্জের ২৩টি চা বাগানের কিশোর কিশোরীরা নানা সংকটে বেড়ে উঠছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস হবিগঞ্জসহ বন্যা কবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন খোয়াই নদীতে দ্বিতীয় দিনের মতো জব্দকৃত সরঞ্জাম সংরক্ষণ অব্যাহত বিশ্বকাপে আর্জেন্টিনার সেমি ফাইনালে নবীগঞ্জ সমর্থকদের আনন্দ উল্লাস হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান মাদক ও জুয়া মামলার ৪ আসামি আটক

মায়ের চোখে জল বাবার কণ্ঠে অসহায়ত্ব দারিদ্র্যের কাছে হার মানল নবজাতকের পরিবার

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জন্মের পর মায়ের বুকের উষ্ণতা নয়, রাস্তার পাশেই শুরু হয়েছিল একটি নবজাতক কন্যাশিশুর জীবনের লড়াই। মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া সেই শিশুটির বাবা-মায়ের সন্ধান মিললেও শেষ পর্যন্ত চরম দারিদ্র্য, অভাব-অনটন ও অনিশ্চিত ভবিষ্যতের কাছে হার মানলেন তাঁরা। উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অঙ্গীকার করে জানিয়েছেন, ভবিষ্যতে তাঁরা শিশুটির পরিচয় কিংবা তার ওপর কোনো অধিকার দাবি করবেন না।
গত ৬ জুলাই ভোরে উপজেলার উত্তর শাহপুর এলাকায় জেলা পরিষদের সড়কের পাশ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে যান। পরে তাঁরা শিশুটিকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের সেবায় শিশুটি সুস্থ হয়ে ওঠে। এরপর উপজেলা প্রশাসনের তত্ত্ববাবধানে তাকে একটি সেফ হোমে রাখা হয়। শিশুটির দায়িত্ব নিতে স্থানীয় কয়েকজন মানবিক ব্যক্তি আবেদনও করেন।
পরদিন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়, আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর শাহপুর গ্রামের নিঃসন্তান জাবেদ আলীর জিম্মায় শিশুটিকে সাময়িকভাবে সেফ হোম হিসেবে রাখা হবে। প্রশাসন জানায়, এটি কোনো স্থায়ী দত্তক নয়; আদালত ও প্রচলিত আইনের বিধান অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা বাসির ও মা শিরিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়।
সেখানে তাঁরা জানান, তাঁদের সংসারে আগে থেকেই দুটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে একটি জন্মগতভাবে প্রতিবন্ধী। সদ্য জন্ম নেওয়া এই শিশুটিও বিশেষ চাহিদাসম্পন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। স্বল্প আয়ের একটি মেটাডোর কোম্পানিতে চাকরি করে কোনোমতে সংসার চালান বাসির। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচই যেখানে জোগানো কঠিন, সেখানে নবজাতকের চিকিৎসা ও ভবিষ্যতের দায়িত্ব বহন করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
কান্নাজড়িত কণ্ঠে বাসির বলেন, “আমরা মেয়েটিকে মেরে ফেলতে চাইনি। ভেবেছিলাম, কোনো সহৃদয় মানুষ যদি তাকে তুলে নিয়ে মানুষ করেন, তাহলে হয়তো তার ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো হবে।”
মায়ের চোখেও তখন ছিল অঝোর কান্না। সন্তানের কাছ থেকে দূরে সরে যাওয়ার কষ্ট তাঁকে বারবার ভেঙে দিচ্ছিল। কিন্তু নির্মম বাস্তবতা তাঁদের এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, যা কোনো বাবা-মা স্বেচ্ছায় নিতে চান না।
পরে বাসির ও শিরিন উপজেলা প্রশাসনের কাছে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এতে তাঁরা উল্লেখ করেন, ভবিষ্যতে তাঁরা শিশুটির পরিচয়, অভিভাবকত্ব বা কোনো ধরনের দাবি-দাওয়া করবেন না।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বাবা-মায়ের লিখিত অঙ্গীকার গ্রহণ করা হয়েছে। এখন প্রচলিত আইন ও শিশু কল্যাণ বিধিমালা অনুসারে শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, সমাজের জন্যও একটি কঠিন বার্তা। দারিদ্র্য যখন একজন বাবা-মাকে নিজের সন্তানকে বুক থেকে আলাদা করে দিতে বাধ্য করে, তখন তা কেবল একটি পরিবারের ট্র্যাজেডি নয়-এটি আমাদের সামাজিক নিরাপত্তা, মানবিক দায়বদ্ধতা ও রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থার প্রতিও বড় প্রশ্ন ছুড়ে দেয়। এখন সবার প্রত্যাশা, মানবিকতার স্পর্শে শিশুটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ লাভ করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com