মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ মৌজায় সরকারি খাস খতিয়ানের খালের ওপর অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ওই অবৈধ স্থাপনা অপসারণ না করায় পানি নিষ্কাশনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ৬টি গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়াবাদ মৌজা ১১৩ নং জেএল, ১নং সরকারি খাস খতিয়ানের ২২নং দাগে প্রায় ০.২৮ একর ছড়া (খাল) সরকারি রেকর্ডভুক্ত ভূমি রয়েছে। অভিযোগ রয়েছে, বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফরাশ উদ্দিন ওরফে টিপু মিয়া (৫১) প্রভাব খাটিয়ে উক্ত খালের ওপর সিসি পিলার দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। এতে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে।
ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, প্রায় ৫০-৬০ বছর ধরে ওই খাল দিয়ে পানি নিষ্কাশন হয়ে আসছিল। কিন্তু বাউন্ডারি ওয়াল নির্মাণের পর বর্ষা মৌসুমে পানি জমে রাস্তা, বাড়িঘর ও কৃষিজমি তলিয়ে যাচ্ছে। এতে পানিহাতা, আউলিয়াবাদসহ আশপাশের অন্তত ৬টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ জানুয়ারি মোঃ আব্দুল মোতালিব উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার নিষেধ করার পরও অবৈধ নির্মাণ বন্ধ করা হয়নি।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করেন। সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি মনতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে। পরে ২০২৫ সালের ১৭ জুলাই প্রতিবেদনও দাখিল করা হয়। তবে অভিযোগ রয়েছে, তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ার পরও এখন পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী আব্দুল মোতালিব বলেন, “সরকারি খালের ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ। নিষেধ করা সত্ত্বেও তারা মানেনি। এখন পুরো এলাকার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।” অভিযুক্ত মোঃ ফরাশ উদ্দিন ওরফে টিপু মিয়া দাবি করেন, এটি সরকারি খাল নয়, এটি তার মৌরসী সম্পত্তি। তার ভাষ্য অনুযায়ী, “এটি রেকর্ডীয় খাল নয়, আমার জায়গায় আমি বাউন্ডারি নির্মাণ করেছি।” এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো উচ্ছেদ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলে এলাকায় বড় ধরনের জলাবদ্ধতা ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হতে পারে।