স্টাফ রিপোর্টার ॥ শিল্পবর্জ্যের বিষে নীল হওয়া সুতাং নদী রক্ষা এবং জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জ। গতকাল শুক্রবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব অ্যাকশনএইড বাংলাদেশ এবং ইউক্যান এর যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সাথে বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘটের (এষড়নধষ ঈষরসধঃব ঝঃৎরশব) এর সাথে একাত্মতা জানিয়ে শতাধিক তরুণ জলবায়ু কর্মী, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সংহতি প্রকাশ করেন। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোশাহিদ মজুমদার-এর সভাপতিত্বে এবং হবিগঞ্জ সদর শাখার সদস্য সচিব লাবিব ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার বাংলাদেশ-এর সদস্য ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, “সুতাং নদী আজ মৃতপ্রায়। গবেষণায় দেখা গেছে নদীর পানিতে বিষাক্ত সীসা স্বাভাবিকের চেয়ে ২৪ গুণ বেশি। এই বিষাক্ত পানি আর মাছ সরাসরি আমাদের শরীরে ক্যান্সারসহ নানা রোগ ছড়াচ্ছে। নদীকে বাঁচাতে হলে এখনই শিল্পবর্জ্য বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে ওয়াটারকিপার অ্যালায়েন্স এর সদস্য ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, “নদী রক্ষা কেবল পরিবেশবাদীদের কাজ নয়, এটি নাগরিক অধিকারের লড়াই। শিল্পকারখানার অপরিকল্পিত বর্জ্য নিঃসরণ বন্ধ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।” সভাপতির বক্তব্যে মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “আমাদের নীরবতা মানেই আমাদের নদী ও আগামী প্রজন্মের ধ্বংস। সুতাং নদীকে বিষমুক্ত না করা পর্যন্ত এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।” কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদু হাসান এবং নুর আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিডি ক্লিন হবিগঞ্জের আহবায়ক গালিব, এইচ বি নবোদ্যান সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব শায়েস্তাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাহিন আলম। মানববন্ধনে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সকল সদস্যবৃন্দ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। রঙিন প্ল্যাকার্ড ও প্রতিবাদী স্লোগানে মুখর এই সমাবেশ থেকে অবিলম্বে সুতাং নদীকে দূষণমুক্ত করার এবং নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।